রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপ, ৪ আটক

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপ, ৪ আটক

পাবনার জেলা ছাত্রদলের সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ত্রাসবিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের আব্দুল হামিদ সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর ঘুরে জেলা বিএনপির কার্যালয়ে যাচ্ছিল।

মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা মার্কেটের উপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে। ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি।

মুক্তিযোদ্ধা মার্কেটের উপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা বুঝতে পেরে ছাত্রদল নেতাকর্মীরা মার্কেটটি ঘিরে সন্দেহভাজন চারজন দুর্বৃত্তকে আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গিয়ে তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে। তার প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করার সময় আমাদের উপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।'

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মার্কেটের ভেতরে আটকে রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। আটককৃতদের নাম পরিচয় ও সেখানে তাদের অবস্থান, এ ঘটনায় তারা জড়িত কিনা সব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

বিজ্ঞাপন