নিরাপত্তার শঙ্কার কারণে খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল ও মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা।
বিকল্প হিসেবে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে বাস চলাচল করছে। এ কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
বাসমালিক ও শ্রমিকরা জানান, যাত্রীদের নিরাপত্তা এবং গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল করবে।
এ সিদ্ধান্তের ফলে খুলনা-ঢাকা রুটের যাত্রীদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। বরিশাল অঞ্চল থেকে ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। মাদারীপুরের টেকেরহাট পর্যন্ত চলাচল করছে পরিবহনগুলো।