ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় হাসপাতাল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭২ জনের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৮ জন শিশু রয়েছে। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৭১ জন এবং মারা গেছে ৪৪ জন।
মৃত্যুবরণকারী দুই ডেঙ্গু রোগীর মধ্যে একজন হলেন তারাকান্দা উপজেলার ফাতেমা (৪০) এবং অন্যজন নান্দাইল উপজেলার মালেকা (৮৫)। ফাতেমা ২০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ২৭ নভেম্বর সকালে মারা যান। মালেকা ২৫ নভেম্বর ভর্তি হয়ে ২৬ নভেম্বর রাতে মারা যান।
এছাড়া, একই সময়ে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরে হাম ও হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩২ শিশু ভর্তি হয়েছে এবং ১৩ শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১৬৪ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃত দুই শিশুর মধ্যে একজন ফুলবাড়িয়া উপজেলার ৭ মাস বয়সী এবং অন্যজন কলমাকান্দা উপজেলার ১০ মাস বয়সী। ফুলবাড়িয়ার শিশুটি গতকাল সকালে ভর্তি হয়ে সন্ধ্যায় মারা যায়, অন্য শিশুটি ২২ নভেম্বর ভর্তি হয়ে ২৬ নভেম্বর সকালে মারা যায়।