শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

টুঙ্গিপাড়ায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলাটি গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় তারা সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর জখম করে। হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে।

হামলাকারীরা সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদে একটি এলএমজি, আটটি ৭ দশমিক ৬২ চায়না রাইফেল, ১১টি শটগান, দুটি গ্যাসগান, আটটি ৯ এমএম পিস্তল এবং তিনটি এসএমজি অন্তর্ভুক্ত রয়েছে।

লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে জানান তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

বিজ্ঞাপন