শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ১৩ হাজারের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৩ হাজার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ও বিজিবি।

টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় ১৩ হাজারের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ও বিজিবি দুটি মামলা করেছে। সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। বিজিবির মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে প্রথম মামলাটি করেন। তবে এতদিন মামলার বিষয়টি প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার প্রধান আসামি হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে, ২৩ নভেম্বর বিজিবি সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে দ্বিতীয় মামলাটি করেন।

বিজ্ঞাপন