ভারতে পাকিস্তানি কনটেন্ট নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বলিউড চলচ্চিত্রকর্মীদের সংগঠন 'অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন' (এআইসিডব্লিউএ) নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ 'জো বাচে হ্যায় সাঙ্গ সামাইট লো' নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
এই সিরিজটি ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত। এতে পাকিস্তানের শীর্ষ তারকা ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদসহ অন্যান্যরা অভিনয় করেছেন। সিরিজটির পোস্টার প্রকাশের পর ভারতে এর বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয়।
এআইসিডব্লিউএ প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছে, 'ভারতের পর্দায় পাকিস্তানি কোনো কনটেন্টের স্থান নেই।' সংগঠনটি একটি শক্তিশালী আইন প্রণয়নের দাবি করে নেটফ্লিক্সকে পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৫ সালে সব ওটিটি প্ল্যাটফর্মকে পাকিস্তানি কনটেন্ট বন্ধ করার নির্দেশ দেয়। এআইসিডব্লিউএ’র মতে, নেটফ্লিক্সের সিরিজটি সরকারি নির্দেশনার লঙ্ঘন করবে।
এদিকে, দিল্লির একটি ক্যাফেতে পাকিস্তানি নাটক 'দার-এ-নিজাত' নিয়ে 'ওয়াচ পার্টি' আয়োজনের ভিডিও ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে নাটকটির পরিচালক সাকিব খানের সঙ্গে ভার্চুয়াল প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ওয়াচ পার্টির ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচকরা বলেন, 'দেশের ওপর হামলার ঘটনা ভুলে গিয়ে পাকিস্তানি কনটেন্টকে সমর্থন দেওয়া হতাশাজনক।' অন্যদিকে নাটকটির ভক্তরা এই আয়োজনকে উৎসাহজনক বলে মন্তব্য করেছেন।
ভারতে পাকিস্তানি কনটেন্টের জনপ্রিয়তা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তা দেখার প্রবণতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।