রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ জনের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ জনের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৬ জনের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, শাহজাহান খান ও আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এদিন সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তবে অসুস্থতার কারণে মুহাম্মদ ফারুক খানকে হাজির করা হয়নি।

মামলার পলাতক আসামি মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এ মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিল।

অন্যদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।

মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে গুলি করা হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়ি নিয়ে টহল দেন।

অবশেষে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন