ফর্মুলা ওয়ানে (এফ-১) ২০৩০ সাল থেকে 'ভি-৮' ইঞ্জিন চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন সংশ্লিষ্ট অংশীজনরা। বর্তমান 'ভি-৬' হাইব্রিড ইঞ্জিনের পরিবর্তে নতুন এই ইঞ্জিনে শব্দের তীব্রতা বাড়বে এবং প্রযুক্তিগত কাঠামোও তুলনামূলক সরল হবে।
লাস ভেগাস গ্রাঁ প্রি'র আগে বিভিন্ন দলের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানান। ম্যাকলারেনের প্রধান নির্বাহী জ্যাক ব্রাউন বলেন, ইঞ্জিন পরিবর্তনের বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে এবং এখন কেবল চূড়ান্ত কিছু আনুষ্ঠানিকতা বাকি।
আলপাইনের কার্যত দলপ্রধান ফ্লাভিও ব্রিয়াতোরেও একই মত পোষণ করেন। তিনি বলেন, ‘মূলত আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। যদিও এখনো চুক্তিতে স্বাক্ষর হয়নি, তবে ২০৩০ সাল থেকে ভি-৮ ইঞ্জিন চালুর বিষয়ে সবাই একমত হয়েছেন বলেই মনে হচ্ছে।’
নতুন ইঞ্জিন ব্যবস্থাকে স্বাগত জানিয়ে ব্রিয়াতোরে বলেন, দর্শকদের জন্য আরও আকর্ষণীয় রেসিং নিশ্চিত করতে জোরালো শব্দ তৈরি করে এমন সহজ কাঠামোর ইঞ্জিন প্রয়োজন।
এদিকে, ক্যাডিলাকের ড্যান টাওরিসও ইঞ্জিন পরিবর্তনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, ২০২৯ সালের শেষ পর্যন্ত ফেরারির ইঞ্জিন ব্যবহার করবে ক্যাডিলাক এবং এরপর ২০৩০ সাল থেকে নিজেদের তৈরি 'ভি-৮' ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
টাওরিস বলেন, আগামী ১৮ ডিসেম্বর, তাদের নতুন পাওয়ার ইউনিট তৈরির কারখানা উদ্বোধন করা হবে। নতুন নির্মাতা হিসেবে ফর্মুলা ওয়ানে প্রবেশের ক্ষেত্রে ইঞ্জিনের এই পরিবর্তনের দিকনির্দেশনা তাদের জন্য সহায়ক হবে।
এর আগে, আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের (এফআইএ) সভাপতি মোহাম্মদ বেন সুলায়েমও ২০৩০ সাল থেকে ফর্মুলা ওয়ানে ভি-৮ ইঞ্জিন ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। উল্লেখ্য, ফর্মুলা ওয়ানে সর্বশেষ 'ভি-৮' ইঞ্জিন ব্যবহৃত হয়েছিল ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত।