শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন আগামী ২৯ নভেম্বর।

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। আদালত ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।

চার আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে। মামলার দুই অপ্রাপ্তবয়স্ক আসামিকে গাজীপুর থেকে কুমিল্লায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্র (চার্জশিট) ইতোমধ্যে আদালত গ্রহণ করেছে। নির্ধারিত দিনে চার আসামি উপস্থিত থাকলে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হবে। কোনো আসামি অনুপস্থিত থাকলে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক। তিনি বলেন, ‘আসামিরা কারাগারে রয়েছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।’

অপ্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুজনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে। আসামিপক্ষের আইনজীবী নিয়োগের বিষয়ে পিপি জানান, ‘আসামিপক্ষ একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। আমরা আমাদের মতো আইনি কার্যক্রম চালিয়ে যাব।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর চার্জ গঠনের দিন ধার্য থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে হবে।’

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন