জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ইউরোপের অন্তত ২৫টি দেশে ব্যাপক জনঅসন্তোষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং জলবায়ু সংকটের মতো বিভিন্ন ইস্যুতে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভের পর শুক্রবার যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, ইতালি, সুইডেন ও ক্রোয়েশিয়া সহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
ইতালির অন্তত ১০০ শহরে শ্রমিক ও শিক্ষার্থীরা উচ্চ মজুরি এবং সরকারি পরিষেবায় অধিক বিনিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে।
জার্মানির বার্লিনে শিক্ষাখাতে ব্যয় বাড়ানোর দাবিতে বিক্ষোভে অংশ নেন প্রায় ৪ হাজার মানুষ।
অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয় চত্বরে সামরিক খাতে ব্যয় কমানোর দাবিতে কয়েকশ তরুণ বিক্ষোভ করেছেন।