পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া শাহাপাড়া এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সাদিক, রাহাত ও ফজলে রাব্বি শাহ (১৭) নামের অপর এক শিক্ষার্থী মোটরসাইকেলে করে প্রাইভেট পড়া শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। শাহাপাড়া এলাকায় পৌঁছালে তারা মোড় নিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় সাদিক ও রাহাত গুরুতর আহত হয়ে সড়কের ধারে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ফজলে রাব্বি গুরুতর আহত অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়।
নিহত শিক্ষার্থীরা সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্র ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।