বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার পদক্ষেপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার জন্য সরকার আন্তর্জাতিক পদক্ষেপ নিচ্ছে।

বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার পদক্ষেপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পদক্ষেপ অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান।

তিনি জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায় যে, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মধ্যে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। ওই দিনেই সংশ্লিষ্ট এনসিবির কাছেও অনুরোধটি পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া এবং ইন্টারপোলের রেড নোটিস জারি কিংবা গ্রেপ্তারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। সংশ্লিষ্ট রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ ও তার পরিবারের বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকার সময়মতো প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আইনের শাসন, বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শ্রদ্ধা রেখে সরকার এ বিষয়ে কাজ করছে। যাচাই বিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার সরকারের কাছে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ জানাতে নির্দেশনা দেন।

বিজ্ঞাপন