চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অনুদান প্রদান করা হবে।
নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে একজন সর্বাধিক ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। গত রোববার মানিকগঞ্জ জেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের চ্যালেঞ্জও বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতায় চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যার নাম 'উদ্যোগ'।
এই কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলায় উদ্যোক্তা খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তাদের সাক্ষাৎকার ও ব্যবসায়িক পরিকল্পনা মূল্যায়ন করছেন দেশের স্বনামধন্য উদ্যোক্তারা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, 'এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক উপজেলা থেকে ১০ জন উদ্যোক্তা বাছাই করবে কেন্দ্রীয় ব্যাংক, যাদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেয়া হবে।'
তিনি আরও বলেন, 'ঋণের অর্ধেক পরিশোধ করলে বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। প্রতিটি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করা হবে।'
এছাড়া, ইতিমধ্যে দেশের ৮ উপজেলা থেকে ১৮ হাজার ৬৪৪টি আবেদন জমা পড়েছে। বাকি ৫৬ জেলায় ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।