বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায় এবং মোংলায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে এবং মোংলায় শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী জানান, এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এর জন্য দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের উদ্যোগের জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, দিনটিকে গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।