বান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতার কারণে সেনাবাহিনীর গাড়িতে এক অন্তঃসত্ত্বা বম নারীর কন্যাসন্তানের জন্ম হয়েছে। পরে মা ও নবজাতককে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে তারা সুস্থ আছেন।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সুনসুং পাড়ায় প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন ওই নারী। স্থানীয় কারবারির অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।
একটি টহল দল জরুরি ভিত্তিতে ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।
মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা সেনাবাহিনীর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।