রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পিএসসির নবনিযুক্ত সদস্য অধ্যাপক শামীমা সুলতানা শপথ নিলেন

অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য পদে শপথ গ্রহণ করেছেন।

পিএসসির নবনিযুক্ত সদস্য অধ্যাপক শামীমা সুলতানা শপথ নিলেন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথ গ্রহণ করেছেন। রোববার (১ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তার হাতে শপথ বাক্য পাঠ করান।

অধ্যাপক শামীমা সুলতানা গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য পদে নিয়োগ পান। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে, তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

অধ্যাপক শামীমা সুলতানা ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ছিলেন। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিজের কার্যালয় থেকে সরিয়ে আলোচনায় আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন, তবে বর্তমানে তিনি কোনো কমিটিতে পদে নেই।

বিজ্ঞাপন