আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষায় এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই তারিখ নির্ধারণ করেছে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।
শনিবার (৩১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলবে ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত।
৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। তবে, বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন বলে জানানো হয়েছে।
এদিকে, পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ৮ নভেম্বর বুয়েটের কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য নেওয়া হবে।
৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ভিত্তিক তালিকা পাঠানো হবে। ২২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে।
পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়নের কাজ ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। কর্মপরিকল্পনায় ২৭ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।