বাংলাদেশের হাসপাতালগুলোর বহির্বিভাগে ব্যথাজনিত সমস্যায় আসা রোগীদের মধ্যে প্রায় ৩০ শতাংশের এন্ডোমেট্রিওসিস নামক জটিল রোগটির আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, এন্ডোমেট্রিওসিস একটি গুরুতর ‘জনস্বাস্থ্য সমস্যা’ এবং সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত কম। রোগটি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
ডা. মুহিত আরও জানান, সরকার প্রাথমিক চিকিৎসাসেবা এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারী চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানান, এন্ডোমেট্রিওসিস শনাক্ত করতে দেরি হওয়ার কারণে নারীদের দীর্ঘ সময় ধরে তীব্র শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়।
সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ার ফলে বন্ধ্যাত্বসহ নানা মারাত্মক জটিলতার ঝুঁকি তৈরি হয়। এ কারণে এ রোগের প্রতি সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।