মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

অস্টিওপোরোসিস সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

অস্টিওপোরোসিস সচেতনতা বৃদ্ধিতে ৬৪ জেলায় কার্যক্রমের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান।

অস্টিওপোরোসিস সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

অস্টিওপোরোসিস রোগের চিকিৎসা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, অস্টিওপোরোসিস একটি নীরব রোগ, যা হাড়কে দুর্বল করে এবং হঠাৎ ভাঙার ঝুঁকি বাড়ায়। এই রোগের কারণে আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

ডা. জুবাইদা রহমান জানান, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত হতে পারে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

উত্তর-মধ্য বাংলাদেশের ৪৫ থেকে ৮০ বছর বয়সী নারীদের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব ৪০ শতাংশ এবং অস্টিওপেনিয়ার প্রাদুর্ভাব ৪৩.৫ শতাংশ।

তিনি আরও বলেন, নারীরা উন্নত দেশগুলোর নারীদের তুলনায় এই রোগে বেশি আক্রান্ত হন। অস্টিওপোরোসিসের প্রকৃত চিত্র নিরূপণে আরও গবেষণা ও নিয়মিত স্ক্রিনিং প্রয়োজন।

ডা. জুবাইদা রহমান রোগটির প্রতিরোধে কয়েকটি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে একটি অস্টিওপোরোসিস সোসাইটি গঠন এবং সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা অন্তর্ভুক্ত।

তিনি জানান, চিকিৎসক সমাজ জনগণকে অস্টিওপোরোসিসের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিবছর অস্টিওপোরোসিস সচেতনতা মাস পালনের প্রস্তাবও দেন তিনি।

জনস্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ভিটামিন ডি-এর ঘাটতি এবং ক্যালসিয়াম গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি স্ক্রিনিং ক্যাম্প আয়োজন এবং কমিউনিটি ভিত্তিক স্ক্রিনিংয়ের সুযোগ তৈরির আহ্বান জানান, যাতে অস্টিওপোরোসিসের ঝুঁকি মূল্যায়ন করা যায়।

ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিসের পরিণতি কমাতে দেশব্যাপী সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন