আজ শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে চলছে বিশেষ পূজা ও আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরীর পুরাতন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে হোমযজ্ঞ এবং বলিদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার কিছু সময় পর মূল মণ্ডপে বিহিত পূজা শুরু হয়। মন্ত্রোচ্চারণ, অঞ্জলি ও নানা আচার-অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবীর আরাধনার জন্য ভোর থেকেই দলে দলে মন্দিরে ভক্ত-অনুরাগীরা হাজির হন।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহানবমী দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এরপরই আসবে বিজয়া দশমী, যেখানে দশভূজা দেবী মহামায়াকে বিদায় দেওয়ার পালা। উৎসবের আনন্দের মাঝে ভক্তদের মনে বিষন্নতা বিরাজ করে।
ভক্তদের প্রার্থনা একটাই, দেশের মানুষ যেন শান্তি ও সম্প্রীতিতে একসঙ্গে ভালো থাকতে পারেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক।