কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিন পর কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার 'চ' অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুনভাবে কুমিল্লা মহানগরী সংগঠন কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে সংগঠনটির কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া, ১৪ অক্টোবরের ঘটনার তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
এই কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।