আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে গার্ডিয়ানসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টার দিকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিদ্যালয়ের ভেতরে হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, হামলায় শিশুসহ একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন, তবে তখন নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। হামলাকারীকে কে গুলি করে হত্যা করেছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ মুখপাত্র শিলা মিলার বলেছেন, ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত কোনো সাধারণ মানুষ হতে পারেন।
পুলিশ জানিয়েছে, অন্তত দুজনকে চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন। প্রথমে ৯১১ জরুরি ফোনে জানানো হয়েছিল যে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালাচ্ছেন। কিছুক্ষণ পরই একাধিক ফোনে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে নিরাপত্তাজনিত কারণে অবরুদ্ধ অবস্থা জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে দিয়েছে বেন্ড পুলিশ বিভাগ।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং চলমান তদন্তে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।