ভারত সফরকে স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ শতকের মালিক হলেন তিনি।
শুক্রবার ইনিংসের শেষ দুই বলে দুটি ছয় হাঁকিয়ে মাত্র ৫০ বলেই অপরাজিত ১০০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন হোপ। তার ইনিংসে ৪টি চার ও ৯টি ছক্কা রয়েছে, যার স্ট্রাইক রেট ২০৪।
এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হোপের তৃতীয় সেঞ্চুরি। এর মাধ্যমে ক্রিস গেইল ও এভিন লুইসকে ছাড়িয়ে গেলেন তিনি। পাশাপাশি পূর্ণ করেছেন দুই হাজার রানের মাইলফলকও।
হোপের রেকর্ড গড়া দিনে ভারতের বিপক্ষে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। আগামী শনিবার সিরিজ নির্ধারণী ৫ম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।