সহকর্মী কি গোপনে আপনাকে অপছন্দ করেন? জীবনের বিভিন্ন সময়ে অনেকেই এ ধরনের প্রশ্নের মুখোমুখি হন। তবে, কারো অপছন্দ বোঝা কঠিন, কারণ সাধারণত মানুষ সরাসরি নিজেদের অনুভূতি প্রকাশ করেন না। মনোবিজ্ঞানীদের মতে, মানুষের আচরণের কিছু সূক্ষ্ম পরিবর্তন অন্যের প্রতি অপছন্দের ইঙ্গিত দিতে পারে।
প্রথম লক্ষণ হলো, কেউ যদি চোখে চোখ রেখে কথা বলার এড়িয়ে চলে। গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত যাদের প্রতি আকর্ষণ অনুভব করেন, তাদের সঙ্গে বেশি চোখে চোখ রেখে কথা বলেন। যদি কেউ বারবার দৃষ্টি সরিয়ে নেন, তাহলে তা মানসিক দূরত্ব তৈরির ইঙ্গিত হতে পারে।
দ্বিতীয় লক্ষণ হিসেবে মুখের অভিব্যক্তিতে অবজ্ঞা বা বিরক্তি প্রকাশ হতে পারে। গবেষকদের মতে, অবজ্ঞার অভিব্যক্তি অনেক সময় ঠোঁটের এক পাশে সামান্য উঁচু হয়ে যাওয়া কিংবা বাঁকা হাসির মাধ্যমে প্রকাশ পায়। এটি কাউকে তুচ্ছ মনে করার ইঙ্গিতও দিতে পারে।
তৃতীয় লক্ষণ হলো, আপনার সামনে কম হাসা। হাসি সাধারণত আন্তরিকতা ও বন্ধুত্বের প্রকাশ। যদি কেউ অন্যদের সঙ্গে হাসিখুশিভাবে কথা বলেন কিন্তু আপনার সামনে কম হাসেন, তাহলে এটি আপনার প্রতি তার আন্তরিকতা কম হওয়ার ইঙ্গিত হতে পারে।
চতুর্থ লক্ষণ হলো, কথা বলার সময় শরীর অন্যদিকে ঘুরিয়ে রাখা। সাধারণত, যাদের সঙ্গে কথা বলতে বা মিশতে ইচ্ছুক, তাদের দিকে শরীর ফিরিয়ে রাখা হয়। যদি শরীর অন্যদিকে ঘুরানো হয়, তাহলে আগ্রহ কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে।
পঞ্চম এবং শেষ লক্ষণ হলো, আপনার কাছ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখা। মনোবিজ্ঞানের একটি বিশেষ শাখা, 'প্রক্সেমিকস', মানুষের পারস্পরিক দূরত্ব নিয়ে গবেষণা করে। কেউ যদি আপনার কাছ থেকে দূরে থাকেন, তাহলে এটি আপনার সঙ্গে ঘনিষ্ঠতা কম রাখার ইঙ্গিত হতে পারে।
কিন্তু মনে রাখা জরুরি, কোনো একটি অঙ্গভঙ্গি বা অভিব্যক্তি দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে কেউ আপনাকে অপছন্দ করছেন। বিভিন্ন কারণে যেমন ক্লান্তি, লাজুক স্বভাব, উদ্বেগ বা সাংস্কৃতিক পার্থক্যও এর পেছনে থাকতে পারে। তাই, আচরণের পরিবর্তন এবং সামগ্রিক ধরন পর্যবেক্ষণ করা উচিত।