নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার সকালে তিনি স্বশরীরে আদালতে হাজির হন।
নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটির শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। এজাহার সূত্রে জানা যায়, মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয়েছে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে।
মামলাটিতে মোট ৯৯ জন এজাহারভুক্ত আসামি রয়েছে, এর মধ্যে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান উল্লেখযোগ্য। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আইভী আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না ও জয় বাংলা।’
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, আজ সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আদালতে পুনর্জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।