সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে তাদের দুটি ফ্লাইট স্থগিত হয়েছে।
শনিবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট স্থগিতের কারণে বিমানের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটের টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্লাইট দুটির পরবর্তী অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে রোববার বিস্তারিত জানানো হবে।
গত বুধবার ও বৃহস্পতিবার, কিং খালেদ বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি গোষ্ঠী। হামলার ফলে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে একজন বিদেশি নিহত হন।
শনিবার বিকালে বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বিমান চলাচল স্থগিতের সিদ্ধান্ত নেয়।