রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুসহ নিহত ৮

পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুসহ ৮ জন নিহত হয়েছে।

পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে এক নৃশংস বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু রয়েছে। স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী ৪৫ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলে আত্মহত্যা করেন।

শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন ইরি শহরের পুলিশ প্রধান রিক লোরাহ। তিনি জানান, নিহত আটজনের মধ্যে সাতজনই হামলাকারীর আত্মীয় এবং অন্যজন তাদের পারিবারিক বন্ধু। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী নিজের গুলিতে মারা যান।

হামলাকারী পেরি স্ট্রিটের একটি আবাসিক বাড়িতে প্রবেশ করে প্রথমে হত্যাযজ্ঞ শুরু করেন। পরে তিনি বাইরে বেরিয়ে রাস্তায় দু'জন নারীকে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই নারী প্রতিবেশীদের কাছে সাহায্যের জন্য যাওয়ার চেষ্টা করতে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

পুলিশ প্রধান লোরাহ এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, “এটি এমন একটি ভয়াবহ দৃশ্য যা দীর্ঘদিন মনে গেঁথে থাকে।” হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইরি শহরের মেয়র দারিয়া ডেভলিন পুলিশ সদস্যদের সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিহতদের পরিবার ও পুরো ইরি সম্প্রদায়ের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়রের সঙ্গে যোগাযোগ করে অঙ্গরাজ্য প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বন্দুক নিয়ন্ত্রণ সংস্কার আইন পাসের প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দেন।

অলাভজনক গবেষণা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে চার শতাধিক গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পেনসিলভানিয়ায় সর্বশেষ গত জুলাইয়ে ফিলাডেলফিয়ায় একটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন