শেরপুরের শ্রীবরদীতে একটি স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের এই ঘটনাটি ঘটে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জহুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম ধর্ষণের শিকার মেয়েটির জেঠা। শনিবার দুপুরে মেয়েটি তার জেঠার মেয়েকে খুঁজতে গিয়েছিল। এ সময় জহুরুল একা ছিলেন এবং মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, "আমি দুপুরে তাদের বাড়িতে যাই। জহুরুল আমাকে ঘরে ঢুকতে বলে এবং পরে দরজা বন্ধ করে আমার মুখ চেপে ধরে ধর্ষণ করে।"
স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া বলেন, "আমরা খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠাই এবং আসামিকে গ্রেপ্তার করা হয়।"