জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আসন্ন শারদীয় দুর্গাপূজায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় এ আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, "শত শত কোটি টাকা ব্যয় করে আওয়ামী লীগ প্রমাণের চেষ্টা করেছে, এ দেশের মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামারা উগ্রবাদী।" তিনি জানান, আওয়ামী লীগের এই বক্তব্য মিথ্যা প্রমাণ করতে হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন নিশ্চিত করতে হবে।
এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষা সনদের কার্যকারিতা নিশ্চিত করার কথাও বলেন হাসনাত। তিনি উল্লেখ করেন, "রাষ্ট্রের মূলধারার পেশাগুলোতে অংশগ্রহণের জন্য যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, সেগুলোতে অংশ নেওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।"
হাসনাতের মতে, এর মাধ্যমে আলেম-ওলামারা জাতীয় পর্যায়েও যথাযথ ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। বইমেলায় ফাউন্টেন প্রকাশনীর ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।