কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে খতনা করানোর পর অন্তত ২২ জন শিশুর ক্ষতস্থানে তীব্র ইনফেকশন ও রক্তক্ষরণ দেখা দিয়েছে। শিশুদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের সুন্নতে খতনার একটি মানবিক কর্মসূচি পরিচালনা করে। কর্মসূচির আওতায় ৫ থেকে ১৫ বছর বয়সী মোট ২১০ জন শিশুর খতনা করা হয় এবং পরবর্তীতে তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
কিন্তু খতনা করানোর দুদিন পরেই বিপত্তি দেখা দেয়। ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা জানান, অস্ত্রোপচারের পর থেকেই অনেক শিশুর ক্ষতস্থান ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। পরে অন্তত ২২ জন শিশুর ক্ষতস্থান থেকে রক্ত ও পুঁজ বের হতে থাকে, যা পরিস্থিতি গুরুতর করে তোলে।
অভিভাবকরা আতঙ্কিত হয়ে দ্রুত তাদের সন্তানদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১২০ জনের একটি প্রতিনিধি দল সেন্টমার্টিনে গিয়েছিল।
তিনি বলেন, ‘একজন রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের নেতৃত্বে ১৪ সদস্যের একটি স্বাস্থ্য টিম ওই ২১০ শিশুর খতনা কার্যক্রম সম্পন্ন করে।’ ইউএনও আরও উল্লেখ করেন, প্রাথমিক তথ্যানুযায়ী, অস্ত্রোপচারের পর সঠিক নিয়মে ড্রেসিং না করা এবং পারিবারিকভাবে স্বাস্থ্য সচেতনতা বজায় না রাখার কারণে ক্ষতস্থানগুলোতে ইনফেকশন ও রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। বর্তমানে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তদারকি করছে।