দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের।
এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। ফলে, হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুরে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এছাড়া, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জন, এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।