নোয়াখালীর সেনবাগ উপজেলায় খনন শেষে নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই কূপটি উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত, যার নাম 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ'।
মঙ্গলবার বিকেলে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক জানান, বর্তমানে কূপটিতে ডিএসটি টেস্টের কাজ চলছে। তিনি বলেন, “ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর আগে গত ২৮ জুলাই কূপটিতে খনন কাজ শুরু হয়।
বাপেক্স সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।