ভুটানে ৭৭০ মেগাওয়াটের চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আদানি পাওয়ার এবং ভুটানের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ড্রুক গ্রিন পাওয়ার করপোরেশন লিমিটেড (ডিজিপিসি) শেয়ারহোল্ডার্স চুক্তি সই করেছে। এই চুক্তি সই হয় আজ মঙ্গলবার থিম্পু ও আহমেদাবাদে।
থিম্পুতে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লিওনচেন দাশো শেরিং তোবগে, অর্থমন্ত্রী, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী, এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চামখারচু নদীতে নির্মিত হবে এই প্রকল্পটি, যা বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওওটি) মডেলে বাস্তবায়িত হবে। আদানি পাওয়ার ও ডিজিপিসির মধ্যে ইকুইটি অংশীদারত্ব হবে ৪৯:৫১ অনুপাতে, যেখানে ডিজিপিসির অংশ ৫১ শতাংশ।
নির্মাণকাজ ২০২৭ সালের প্রথমার্ধে শুরু হবে এবং ছয় বছরের মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্য রয়েছে। এটি আদানি গ্রুপ ও ডিজিপিসির মধ্যে দ্বিতীয় বড় জলবিদ্যুৎ সহযোগিতা।
আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানা জানান, এই অংশীদারত্ব দক্ষিণ এশিয়ার জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, "এই প্রকল্প জ্বালানি নিরাপত্তা বাড়াতে এবং কার্বন তীব্রতা কমাতে বড় অবদান রাখবে।"
ডিজিপিসির ব্যবস্থাপনা পরিচালক দাশো ছেওয়াং রিনজিন জানান, এই অংশীদারত্ব ভুটানের জলবিদ্যুৎ উন্নয়নযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক এবং ভুটান ও ভারতের জ্বালানি অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।