শরীয়তপুরে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে জেলেদের বিরত রাখতে ২৮ হাজার ৯২৯ জন নিবন্ধিত জেলের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ শুরু হয়েছে। মৎস্য বিভাগ জেলার চারটি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু করেছে।
৭ অক্টোবর বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও নির্ধারিত বিতরণকেন্দ্রে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী জেলেরা মোট ৭২৩ মেট্রিক টন চাল পাবেন, প্রত্যেক প্রকৃত ও তালিকাভুক্ত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
মৎস্য বিভাগ সূত্র জানায়, পদ্মা-মেঘনা নদীর অববাহিকায় গড়ে ওঠা শরীয়তপুর জেলার নদীগুলোতে প্রচুর ইলিশ আহরণ হয়ে থাকে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জেলার মোট চারটি উপজেলা জাজিরা, নড়িয়া, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার জন্য সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জেলেদের নিষেধাজ্ঞার সময়ে নদীতে না নামার আহ্বান জানান এবং নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানান।
গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন বেপারী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর মা ইলিশ সংরক্ষণে জনপ্রতিনিধিরা কাজ করে আসছেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী প্রকৃত জেলেদের যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে প্রত্যেককে চাল বিতরণ করা হচ্ছে।