আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে টিকিটের কালোবাজারি শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে টিকিট শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবেন মেসি। ম্যাচটি ঘিরে দর্শক ও গণমাধ্যমের আগ্রহ তুঙ্গে রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানায়, সাধারণ টিকিটের অফিসিয়াল মূল্য ছিল ৫৩ ইউরো, যা কালোবাজারে ৩৫০ ইউরো থেকে শুরু করে বিক্রি হচ্ছে। কিছু প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের দাম ৯০৫ ইউরো পর্যন্ত পৌঁছেছে।
কালোবাজারির কারণে আলোচনায় এসেছেন ইনফ্লুয়েন্সার চাবো মার্তিনেজ, যার ইনস্টাগ্রামে এক মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। তিনি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন।
এদিকে, বেনিন দলও ম্যাচের আগে নানা অব্যবস্থাপনার মুখে পড়েছে। তারা অভিযোগ করেছে যে, হোটেলে গরম পানি নেই, সনা নষ্ট, অপর্যাপ্ত সামগ্রী এবং মানহীন কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলন করতে হয়েছে। বেনিনের ক্রীড়া বিশ্লেষক জোনাস বিদি ২৩ ঘণ্টা ইকোনমি ক্লাসে ভ্রমণের ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন।
রিভারপ্লেটের ঘরের মাঠে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতির কথা রয়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, "এই ম্যাচের জন্য চাইলে আমরা পাঁচটি স্টেডিয়ামও ভরিয়ে ফেলতে পারতাম।"
মেসির সম্মানার্থে ম্যাচটিকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে খেলা শুরুর আগে গান পরিবেশন করবেন খ্যাতনামা শিল্পীরা। রেফারির শেষ বাঁশি বাজার পর মেসিকে স্মারক ক্রেস্ট ও বিশেষ জার্সি প্রদান করা হবে।