সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

চীন-যুক্তরাষ্ট্র ৬০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমাতে সম্মত

চীন ও যুক্তরাষ্ট্র ৬০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমাতে সম্মত হয়েছে।

চীন-যুক্তরাষ্ট্র ৬০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমাতে সম্মত

চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আমদানি করা প্রায় ৬০ বিলিয়ন ডলারের বিভিন্ন পণ্যে শুল্ক কমাতে সম্মত হয়েছে। কৃষিপণ্য, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী এবং খেলনা সহ বিভিন্ন পণ্যের ওপর এই শুল্ক ছাড় কার্যকর হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে জানান, ইউএস-চায়না বোর্ড অব ট্রেডের অধীনে দুই দেশই সংবেদনশীল নয়, এমন পণ্যের ৩ হাজার কোটি ডলারের বাণিজ্যকে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধার আওতায় আনার সুপারিশ করেছে।

গ্রিয়ার উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জন্য এই সিদ্ধান্তের ফলে চীনের বাজারে দেশটির মোট রফতানির প্রায় ৩০ শতাংশের জন্য বাজারে প্রবেশাধিকার সহজ হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিভিন্ন কৃষিপণ্যে শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। এতে ভুট্টা, গম, মাংস, দুগ্ধজাত পণ্য ও ভোজ্যতেল অন্তর্ভুক্ত থাকবে। তবে সয়াবিনের নাম তালিকায় নেই।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর তালিকায় রয়েছে ছোট গৃহস্থালি যন্ত্রপাতি, টেবিলওয়্যার, খেলনা ও উৎসবের সাজসজ্জার সামগ্রী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যবিরতির মেয়াদ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে দুই দেশ চলমান অর্থনৈতিক-বাণিজ্য সংক্রান্ত সমঝোতাগুলো মূল্যায়ন করবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এই বর্ধিত মেয়াদ দুই দেশের ব্যবসায়িক সহযোগিতার জন্য তুলনামূলকভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করবে।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষিপণ্য আমদানিতে নতুন সমঝোতা হয়েছে। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, চীন যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭শ' কোটি ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া, দুই দেশের বাণিজ্য কাউন্সিলের অধীনে একটি কৃষি বিষয়ক ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। চলতি বছরের শেষের আগেই এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

চীন ২০২৭ ও ২০২৮ সালে, যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ১ কোটি মেট্রিক টন কয়লা আমদানির বিষয়ে সম্মত হয়েছে। তবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের নাম চুক্তির তালিকায় নেই।

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আর্থিক খাতেও আলোচনা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন