মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন এবং তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি এই মন্তব্যটি করেছেন ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে।
ট্রাম্প জানান, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা আগামী কয়েক দশকে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “২০১৬ সাল থেকেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা পারস্পরিক সম্মান ও দুই দেশের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে।”
তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট শি ও আমি দুই দেশের বিভিন্ন ইস্যুতে কাজ করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।” বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করতে তারা কাজ করছেন বলে জানান ট্রাম্প।
এদিকে, শি জিনপিং দুই দেশের জনগণের বন্ধুত্ব এগিয়ে নিয়ে একটি উন্নত বিশ্ব গড়ার কথা বলেন। তিনি উল্লেখ করেন, “চীন ও যুক্তরাষ্ট্রের স্বার্থ গভীরভাবে জড়িত। আমাদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করা উচিত।”
বৈঠকে ইরান ইস্যুতেও আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শি জিনপিং চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার এবং নৌ অবরোধ বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন।
তবে বৈঠকে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ছিল তাইওয়ান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং যুক্তরাষ্ট্রের কাছে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার আহ্বান জানান। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।