ইরান যুদ্ধ চায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান।
পেজেশকিয়ান বলেন, "আমরা যুদ্ধ বেছে নিইনি। যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যুদ্ধ চাই না।" তিনি জুন মাসে হওয়া একটি সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন, যেখানে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তির আহ্বান জানানো হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতপার্থক্যের কারণে তা ভেস্তে যায়।
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি যুদ্ধ শেষ করতে চায়।"
ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করার বিষয়ে পেজেশকিয়ান জানান, দেশটি আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলবে।