চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হোয়াইট হাউস সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সফরের অংশ হিসেবে শি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
স্থানীয় সময় সকাল ১০টায় হোয়াইট হাউসে শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডিকে স্বাগত জানাবেন ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বাংলাদেশ সময় এটি রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
এরপর, সকাল ১১টায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও শি জিনপিং অংশ নেবেন ‘মিলিটারি রিভিউ’তে, যা বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
সকাল সাড়ে ১১টায় দুই নেতা একান্তে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে। এরপর দুপুর ১২টায় হবে বর্ধিত দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে দুই দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
দিনের শেষভাগে রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডিকে নৈশভোজে স্বাগত জানাবেন। নৈশভোজের আগে ট্রাম্প বক্তব্য দেবেন এবং পরে রাতে আনুষ্ঠানিক পর্বে অংশ নেবেন।