হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র ছয় দিনের মাথায় চাকরি হারিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই তার যোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। শুক্রবার তাকে অব্যাহতি দেওয়া হয়, যা দুই মার্কিন কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
জ্যাকারিয়া গত সোমবার ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়ে কাজ শুরু করেছিলেন এবং মঙ্গলবার তার প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন। তিনি নিজেকে একজন নিবন্ধিত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করালেও, রয়টার্স অনুসন্ধান চালিয়ে তার আইনজীবী হিসেবে নিবন্ধনের কোনো প্রমাণ পায়নি।
যুক্তরাষ্ট্রে 'বার এক্সাম' পাস না করে আইন পেশা অনুশীলন করা বেআইনি। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকারিয়া স্বীকার করেন যে তিনি বার পরীক্ষায় পাস করেননি।
শুক্রবার হোয়াইট হাউস ত্যাগের আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, প্রথম কয়েক দিনেই মিডিয়া ট্রোলের মুখে পড়ার কারণে তিনি জ্যাকারিয়াকে পদটি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন।
ট্রাম্প বলেন, 'আমি তাকে সততার সঙ্গেই বলেছিলাম, আমি তোমার জায়গায় হলে বিষয়টি ভেবে দেখতাম। এই পদে থাকা এত সহজ কাজ নয়।'
শুক্রবার বিকালে দুই হোয়াইট হাউস কর্মকর্তা জানান, জ্যাকারিয়াকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব হস্তান্তর করছেন। মাত্র ছয় দিনের স্থায়িত্ব হওয়ায় জ্যাকারিয়ার পদক্ষেপ হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হিসেবে রেকর্ড গড়েছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করা অ্যান্থনি স্কারামুচি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'যেকোনো রেকর্ডই ভাঙার জন্য তৈরি হয়, তবে অন্যের এই কষ্টে আমি কোনও আনন্দ পাচ্ছি না।'
বর্তমানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার জন্য ট্রাম্পের কোনো তাড়াহুড়ো নেই বলে তিনি ফক্স নিউজকে জানান।