ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ একসময় শেষ করতে হবে। তিনি শুক্রবার (২১ আগস্ট) ইরানের মেডিকেল কমিউনিটির ইসলামিক অ্যাসোসিয়েশনের ৩১তম সাধারণ সভায় বক্তব্য রাখেন।
পেজেশকিয়ান বলেন, 'আজই যুদ্ধ শেষ করা ভালো—যখন আমরা শক্তিশালী ও সম্মানিত অবস্থানে আছি, যখন পুরো বিশ্ব আমাদের বিজয় স্বীকার করছে।' তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে।
তিনি দেশের অভ্যন্তরে জনঅসন্তোষের বিষয়টিও উল্লেখ করেন। যুদ্ধের কারণে ইরানের অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে, ফলে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে পড়েছে। পেজেশকিয়ান বলেন, 'সমাজে যদি অসন্তোষ বা ক্ষোভ থাকে, তার অর্থ হলো আমাদের যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে করতে পারিনি।'
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইরানের বন্দর ও সংশ্লিষ্ট জাহাজের ওপর মার্কিন নৌ-অবরোধের কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলেও জানান তিনি। এসব পদক্ষেপ ইরানের আমদানি-রফতানি কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে।
পেজেশকিয়ান সরকারের জ্বালানি ভর্তুকির বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'প্রতি লিটার পেট্রোল ১ লাখ ৩০ হাজার তুমান দরে কিনে মাত্র ১ হাজার ৫০০ তুমানে বিক্রি করার ব্যবস্থা কতদিন টেকসই হতে পারে?'
তিনি সতর্ক করে বলেন, এসব কর্মসূচিতে অর্থের সংকট দেখা দিলে শ্রমিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সরকারি কর্মচারীদের জীবন-জীবিকাও ঝুঁকির মুখে পড়তে পারে।