শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট এসআরইউ গঠন হচ্ছে

পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট এসআরইউ গঠনের ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট এসআরইউ গঠন হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসছে পুলিশের নতুন ইউনিট এসআরইউ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। জঙ্গি দমনে বর্তমান অ্যান্টিটেরোরিজম ইউনিট ও ডিএমপির কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে ভেঙ্গে এসআরইউ নামে এই নতুন ইউনিট করা হচ্ছে।’

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদরদপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পদ সৃষ্টি করা হবে। তিনি উল্লেখ করেন, ‘সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে এই ইউনিটের শাখা থাকবে এবং প্রতিটি থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সাপোর্ট হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।’ বর্তমান সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে শর্ট কোর্সের মাধ্যমে অফিসার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, ‘মাফিয়া শক্তি বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশকে নষ্ট করতে চেষ্টা করবে, সেটি কঠোর হাতে দমন করবে সরকার।’

বিজ্ঞাপন