স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকার সময়মতো হামের টিকা প্রদান করেনি, যার ফলে বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে এক বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, বিদেশি সংস্থাগুলো বারবার তাগাদা দিলেও বিগত সরকারের অবহেলার কারণে হামের টিকা দেওয়া হয়নি। তিনি বলেন, “এর আগেও হাম হয়েছে, তবে এত রোগী মারা যায়নি। এ বছর হামে আগের বছরের তুলনায় বেশি শিশু মারা গেছে।”
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ইউনিসেফ নতুন করে ৪০ লাখ ডোজ হাম টিকা প্রদান করেছে। আজ থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তিন ধাপে এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। হাম ও ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।