ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। রাকিবুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
আদালতে আসামীপক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। এর আগে, ১৭ সেপ্টেম্বর সকালে প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি করা হয়।
ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশের মাধ্যমে তাকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়। পরে, ওই দিন রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়।