বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার, কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন।
১৯৪৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করা আখতার হুসেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন এবং শিশুসংগঠন খেলাঘরের সংগঠক হিসেবেও সক্রিয় ছিলেন। তার লেখা ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ গানটি ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের সংগঠন সংগীত হিসেবে পরিচিতি লাভ করে।
মহান মুক্তিযুদ্ধের সময় আখতার হুসেনের কলম অস্ত্র হয়ে উঠেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তার লেখা কালজয়ী গান ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা, আজ রুখবে তাদের কারা’ জনপ্রিয় হয়েছিল।
তিনি প্রায় ছয় দশকের বেশি শিশু-কিশোরদের জন্য লিখেছেন। ছড়া, গল্প, কবিতা, নাটক ও গানের মাধ্যমে তিনি সাহিত্য ও সংস্কৃতির পরিসরে নিজের স্বাক্ষর রেখেছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক, উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘শিশু-বিশ্বকোষ’, ‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘আমার দুটো ডানা’, ‘ফ্রিডম ফাইটার’ ইত্যাদি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবে।