বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক স্থাপন নিষিদ্ধ

সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে নতুন ক্লিনিক স্থাপন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক স্থাপন নিষিদ্ধ

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। এতে উল্লেখ করা হয়েছে, একই সঙ্গে এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

এই আদেশ বাস্তবায়নের জন্য প্রতিটি বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতালের আশেপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক স্থাপনের প্রেক্ষাপটে এই নির্দেশনা এসেছে। সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে ক্লিনিকগুলোর বিরুদ্ধে।

এছাড়া, সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক নিয়মিত কর্মঘণ্টার পর বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন