ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত বায়েজিদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে এই কারখানা পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধ ও বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক ওষুধ উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সাইফ হাসান খাঁন বলেন, ‘অন্যায়ের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমাদের দলীয় কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’