অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও পাহাড় কাটা বন্ধসহ নানা পদক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগের অরাজকতার চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
মন্ত্রী আরও বলেন, নগরী ও জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রমও গুরুত্বের সাথে পরিচালিত হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।