জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি।’
তিনি বিএনপি সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গণ দাবি মানা না হলে জনগণের প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হবে।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি সরকারের প্রতি জনগণের অসন্তোষের কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন। এ সময় এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার সময় খালেদা জিয়ার সরকার, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার গঠন হলেও তারেক রহমানের সময় আওয়ামী লীগের সরকার কায়েম হয়েছে।’
মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন করা ছাড়া সরকারের ভিন্ন কোনো পথ নেই।’ তিনি বিগত সরকারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘ফ্যাসিবাদী সরকার হেলিকপ্টারে পালিয়ে ছিল, তারেক রহমানের সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতা ছাড়তে হবে।’
অনুষ্ঠানে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।