শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

প্রধানমন্ত্রী: দেশের সন্তানদের অর্জনকে স্বীকৃতি দেবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার দেশের সন্তানদের অর্জনকে স্বীকৃতি দেবে।

প্রধানমন্ত্রী: দেশের সন্তানদের অর্জনকে স্বীকৃতি দেবে সরকার

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সম্মানিত করতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের উদ্দেশে বলেন, 'আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন না। আমি মনে করি, এটা বাংলাদেশের সকল মুসলমানের অর্জন।'

হাফেজদের উৎসাহিত করার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 'এটা বর্তমান সরকারের একটি নীতি যে দেশের সন্তান যারা আছে, তারা তাদের যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সেটাকে সরকার স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করবে।'

প্রধানমন্ত্রী মেধাবীদের উৎসাহিত ও সঠিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, 'মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ পাবে।'

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, 'যতটুকু সম্ভব, আমরা ইনশা আল্লাহ সেটা দেখার চেষ্টা করব।'

ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আপনারা নিয়মমতো আমাদেরকে জানাবেন, আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, সেই ব্যবস্থা করব।'

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করুক এবং সম্মান ও গৌরব নিয়ে আসুক।'

দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তন আনার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের কাজের ধরনটা কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু লক্ষ্য একই, সেটা হচ্ছে দেশের মধ্যে শান্তি স্থাপন করা।'

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন এবং হাফেজদের তিলাওয়াত শুনেন। সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন